গ্রিসে ম্যাচ শুরু হতেই রিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে দেয় অলিম্পিয়াকোস। পরেই আলো কেড়ে প্রথমার্ধে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে। তারপরও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৪-৩ গোলের কষ্টের জয়ে মাঠ ছেড়েছে জাবি আলোনসোর দল।
বুধবার রাতে কারাইসকাকিস স্টেডিয়ামে ৮ মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড চিকুইনহোর গোলে পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোসরা। ভিনিসিয়াসের পাসে ২২ মিনিটে গোল শোধ করেন ফ্রান্সম্যান এমবাপ্পে।
সাত মিনিটের ব্যবধানে আরও দুই গোল করেন রিয়ালের সাবেক পিএসজি ও মোনাকো স্টার। ২৪ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন তিনি। ২৯ মিনিটে আর্দা গুলেরের পাস ধরে হ্যাটট্রিক করেন এমবাপ্পে। ব্যবধান ৩-১ করে প্রথমার্ধ শেষ করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিক অলিম্পিয়াকোস এক গোল শোধ করে ম্যাচ ফেরার আভাস দেন। কিন্তু ভিনি অ্যাসিস্টে ৬০ মিনিটে রিয়ালকে ৪-২ গোলে এগিয়ে নেন এমবাপ্পে। রোনালদোর পর চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়েন তিনি। সেখান থেকে জয়টা আরও বড় হবে ভাবা হলেও ব্লাঙ্কোসদের চাপে ফেলে দেয় গ্রিক ক্লাবটি। টানা আক্রমণ তুলে ৮২ মিনিটে ব্যবধান ৪-৩ করে ফেললেও সমতাসূচক গোলটি আর পায়নি তারা। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচে উঠেছে জাবি আলোনসোর রিয়াল।