যশোর অস্ত্র মামলায় বেনাপোলের লাল্টুর ১০ বছরের কারাদণ্ড

Share

যশোর অফিস 
যশোরের ঝিকরগাছায় দায়ের করা অস্ত্র মামলায় বেনাপোলের লাল্টু হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৯ নভেম্বর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আইরিন পারভীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত লাল্টু হোসেন শার্শা উপজেলার বেনাপোলের সাদীপুর গ্রামের মাঠপাড়ার মৃত আবদার আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি ঝিকরগাছা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাসুম কাজী গোপন সংবাদের ভিত্তিতে বিষহরি খালপাড়ের ছুটিপুর-কাশিপুর সড়কে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সুমন ও লাল্টু হোসেনকে আটক করা হয়। তবে সুজন পালিয়ে যান।
পরে আটক সুমনের পরিহিত প্যান্টের কোমরে গোঁজা একটি দেশীয় তৈরি পাইপগান ও এর মধ্যে লোড করা একটি কার্তুজ উদ্ধার করা হয়। অন্যদিকে লাল্টুর প্যান্টের পকেট থেকে পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা করেন এসআই মাসুম কাজী।
মামলার তদন্ত শেষে লাল্টু ও সুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র এবং সুমন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে পৃথক প্রতিবেদন দাখিল করা হয়। পরে মামলাটি বিভাজন করে লাল্টু ও সুজনের অংশের বিচার শুরু হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে লাল্টু হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি জামিনে মুক্ত থেকে পলাতক ছিলেন। তবে অপর আসামি সুমন ও সুজনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

Read more