যশোর শার্শায় ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

Share

যশোর অফিস 
যশোরের শার্শায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ ইমরান হোসেন (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহারের অভিযোগে তাঁর একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
আটক ইমরান হোসেন উপজেলার পানবুড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শার্শা গ্রামের আরটি গার্মেন্টসের সামনে শার্শা-জামতলা সড়কে অভিযান চালায় শার্শা থানা পুলিশ। এ সময় ইমরান হোসেনকে আটক করে তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি পুরোনো কালো রঙের হিরো স্প্লেন্ডার প্লাস ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরে তাঁকে থানায় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটক ইমরান হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Read more