সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রে/প্তার

Share

ঢাকা অফিস 
ভারতে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডিবির ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিবির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন।
ডিবি সূত্র জানায়, লালমাটিয়ার সি ব্লকের ১/১২ নম্বর বাসায় বসবাস করতেন ডরিন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, ডরিন নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং পলাতক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট দেওয়ার তথ্য পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ মে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পশ্চিমবঙ্গের বরানগরে পরিচিত ব্যক্তির বাসায় ওঠার পর ১৩ মে চিকিৎসার কথা বলে বেরিয়ে যান তিনি। পরে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে তাকে হত্যার অভিযোগ সামনে আসে। ওই হত্যাকাণ্ড ঘিরে বাংলাদেশ ও ভারতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Read more