ঢাকা অফিস: রাজধানীর গুলশান থেকে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গুলশান-২ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গুলশান-২-এর ১১৩ নম্বর সড়কের একটি বাসায় আত্মগোপনে ছিলেন স্বপন ভট্টাচার্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সাংবাদিকদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, স্বপন ভট্টাচার্য যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।