বিতর্ক সঙ্গী করে টি২০ বিশ্বকাপ শুরু আজ

Share

কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে আজ বাজবে ‘আমার সোনার বাংলা…’ , সেখানে টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। চাওয়া ছিল কলকাতা নয়, কলম্বোতে উড়ুক লাল-সবুজের পতাকা। সেই চাওয়ার মূল্যায়ন করেনি আইসিসি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ফুরিয়েও গেছে সব কথা। নিরাপত্তার শঙ্কা আর আত্মসম্মান রক্ষার্থে ভারতে বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। চার, ছক্কার এই বিশ্বআসরে ১৯ বছরে এবারই প্রথম অনুপস্থিত বাংলাদেশ। তাই কলম্বো থেকে মুম্বাই– দশম টি২০ বিশ্বকাপের শোরগোলহীন আয়োজনে লিটনরা শুধুই নীরব দর্শক। বিশ্বকাপের প্রাণ শুষে নেওয়া ভূ–রাজনীতির বিতর্ক সঙ্গী করে কলম্বোর সাগরতীরে আজ পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া সেই ম্যাচ শেষ হলে কলকাতায় বিকেল সাড়ে ৩টায় ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে বাংলাদেশের বদলে সুযোগ পাওয়া স্কটল্যান্ডের। আর সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যে ম্যাচের আগে বলিউডি জলসাও থাকছে অভিনেত্রী নোরা ফাতেহি-গায়ক বাদশাদের নিয়ে।

প্রায় এক মাসের এই বিশ্বকাপ আসরে গ্রুপ পর্বে প্রতিদিন খেলা চলবে তিনটি করে। ২১ ফেব্রুয়ারি থেকে সুপার এইট দিয়ে নকআউট পর্ব শুরু। দ্বিতীবারের মতো আইসিসি এই আসর কুড়িটি দল নিয়ে শুরু করছে। এবারের আসরে চমক হিসেবে থাকছে নতুন মুখ ইতালি। ইউরোপ থেকে বাছাইপর্ব খেলে এসেছে এই বিশ্বমঞ্চে। সেই সঙ্গে স্কটল্যান্ডের শেষ মুহূর্তে জায়গা পাওয়াটাও চমকে দিয়েছে অনেককে। চারটি গ্রুপের মধ্যে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আরব আমিরাত আর কানাডাকে নিয়ে গড়া ‘ডি’ গ্রুপটিতে হাড্ডাহাড্ডি লড়াই চলতে পারে। গ্রুপ ‘এ’ থেকে ভারত আর পাকিস্তান অনেকটাই নিরাপদ। কেননা, এখানে নেদারল্যান্ডস, নামিবিয়া আর যুক্তরাষ্ট্র সেভাবে হয় তো চ্যালেঞ্জ জানাতে পারবে না। গ্রুপ ‘বি’ থেকে নিশ্চিতভাবেই ফেভারিট শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া।

এখানে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড আর ওমানের কেউ অভাবিত চমক না দেখালে লঙ্কানদের সঙ্গে অসিরাই যাবে সুপার এইটে। গ্রুপ ‘সি’–শেষ মুহূর্তে বাংলাদেশকে বাদ দেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডই এখানে ফেভারিট। স্কটল্যান্ড, নেপাল আর ইতালি এই গ্রুপে নিজেদের মধ্যে জয়ের জন্য লড়াই করতে পারে।

তবে গ্রুপ পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি নিয়ে এখনও শঙ্কা কাটেনি। কলম্বোয় ১৫ ফেব্রুয়ারির ওই ম্যাচটি ভারতের সঙ্গে খেলবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। যদিও পিসিবি থেকে এই ব্যাপারে এখনও পর্যন্ত আইসিসির কোছে কোনো চিঠি দেয়নি, তারপরেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদেই পাকিস্তান ভারতের সঙ্গে ওই ম্যাচটি খেলবে না। যদিও পাকিস্তানকে রাজি করানোর জন্য বিভিন্ন চ্যানেলে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি। সর্বশেষ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও পিসিবির কাছে চিঠি দেওয়া হয়েছে ম্যাচটি খেলার জন্য। তবে এখনও পর্যন্ত লাহোর থেকে ইতিবাচক সাড়া মেলেনি। ম্যাচটি মাঠে না গড়ালে ২ হাজার ৯০০ কোটি থেকে ৪ হাজার ৫০০ কোটি টাকার মতো ক্ষতি হতে পারে আইসিসির; যার প্রভাব পড়তে পারে আইসিসির বার্ষিক রাজস্ব বণ্টনেও। তাই ওই ম্যাচটির পরিণতি জানতেই আপাতত আইসিসির দিকে তাকিয়ে আছে সবাই।

ভারতের সঙ্গে এবারের আসরের সহ-আয়োজক শ্রীলঙ্কা। দুই দেশের সাতটি শহরের আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৫৫টি ম্যাচ। ভারতের কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ, চেন্নাই আর দিল্লির পাশাপাশি শ্রীলঙ্কার কলম্বো আর ক্যান্ডিতে বিশ্বকাপের ম্যাচগুলো মাঠে গড়াবে। আসরে যদি পাকিস্তান ফাইনালে উঠে তাহলে ৯ মার্চ তারা খেলবে কলম্বোতে, আর অন্য কোনো দল ফাইনালে গেলে ভেন্যু হবে আহমেদাবাদ।

সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, মাইকেল ভনদের মতো সাবেকরা হার্দিক পান্ডিয়া-অভিষেক শর্মাদের ভারতকে ফেভারিট হিসেবে আসরে এগিয়ে রাখছেন। পাকিস্তান নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ওয়াসিম আকরাম। অন্তত শেষ চারে নিজের দেশকে দেখতে চান আকরাম। সাঙ্গাকারা শ্রীলঙ্কার সম্ভাবনার কথা বলেছেন হাসারাঙ্গা-পাথিরানার ফর্ম আর ঘরের কন্ডিশনের কারণা। রিকি পন্টিং আর ম্যাথু হেইডেন সবাইকে মনে করিয়ে দিয়েছেন ট্রাভিস হেড আর মিচেল মার্শরা ভারতের মাটিতে কী করতে পারে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ তারা জিতে নিয়েছিল ভারত থেকেই। সব মিলিয়ে অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন তারা।

Read more