ইমাম-খাদেমের সম্মানীর তালিকা নিয়ে জালিয়াতি,দুই জামায়াত নেতা অব্যাহতি

Share

যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে মসজিদের ইমাম ও খাদেমের সরকারি সম্মানী ভাতার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা।
স্থানীয় মুসল্লিদের অভিযোগ, পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম মাওলানা আব্দুর রহমান ও খাদেম আব্দুল রাজ্জাকের নাম বাদ দিয়ে সরকারি সম্মানী ভাতার তালিকায় অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়। ইমামের স্থলে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও স্থানীয় জামায়াত নেতা তবিবুর রহমান এবং খাদেমের স্থলে জামায়াত নেতা আব্দুল মুতালেব মোল্লার নাম দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুসল্লিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে তারা যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলীর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামালকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তালিকায় কোনো পরিবর্তন না এনে তা পুনরায় জমা দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি জামায়াতে ইসলামীর উপজেলা কমিটির নজরে আসে।
পরে উপজেলা জামায়াতের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে তদন্ত করা হয়। প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাসুদ কামাল ও আব্দুল মুতালেব মোল্লাকে দলীয় পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাইদুর রহমান সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ও সামাজিক মর্যাদা রক্ষায় দুর্নীতি, অনিয়ম কিংবা স্বজনপ্রীতি কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই নেতাকে দলীয় প্রাথমিক পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Read more