যানজটমুক্ত যশোর গড়তে ট্রাফিক পুলিশ-পৌরসভার যৌথ অভিযান,জব্দ ১০ ইজিবাইক

Share

শহিদ জয়, যশোর 
যশোর শহরের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা এবং সাধারণ মানুষের চলাচল স্বস্তিদায়ক করতে অবৈধ যানবাহন ও সড়কের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে যশোর ট্রাফিক পুলিশ বিভাগ ও পৌরসভা।
সোমবার শহরের দড়াটানা মোড়, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের সড়ক এবং সিভিল কোর্ট মোড়ে এ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে ট্রাফিক পুলিশ, পৌরসভা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কমিউনিটি পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানে সড়কে যানজট সৃষ্টিকারী বিভিন্ন প্রতিবন্ধকতা ও অনিয়ম দূর করার পাশাপাশি অবৈধ রিকশা-ইজিবাইক নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধে চালক ও পথচারীদের সচেতন করা হয়। কাগজপত্রে ত্রুটি থাকায় এ সময় ১০টি ইজিবাইক জব্দ করা হয়।
যশোর ট্রাফিক পুলিশ বিভাগের ইনচার্জ টিআই মাফুজুর রহমান ও যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ জানান, অবৈধ রিকশা-ইজিবাইক নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে গত তিন দিন ধরে শহরে মাইকিং করে সচেতন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে বহিরাগত ও অবৈধ অটোরিকশা প্রবেশ এবং যত্রতত্র পার্কিং বন্ধেও চালকদের সতর্ক করা হচ্ছে।
তারা বলেন, শহরের স্বাভাবিক পরিবেশ ও যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সপ্তাহজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ, ট্রাফিক ইন্সপেক্টর তাহারীম খান, ইন্সপেক্টর শুকান্ত কুমার নাথ, সার্জেন্ট নিশিকান্ত, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী আব্দুর রাজ্জাক মন্টু, মনিরুজ্জামান নয়ন, আবুবক্কারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রেড ক্রিসেন্ট কমিউনিটি পুলিশের সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।
যশোর পৌরসভা জানিয়েছে, শহরের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Read more