যশোর অফিস: যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩ কেজি ভারতীয় গাঁজাসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৩ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন পাঁচপীরতলা ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
আটক মালামালের মধ্যে রয়েছে ৩ কেজি ভারতীয় গাঁজা, ২৪টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৩টি কম্বল, ১২ কেজি ফুসকা, ২৯০টি চকলেট ও ৬২৮টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, সীমান্তে মাদক ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।