যশোর অফিস: যশোর মাদকদ্রব্য অধিদপ্তরে নিয়ন্ত্রণের সদস্যরা এক মাদকবিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী বুড়িসহ পাঁচজনকে আটক করেছে। এঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,গত শনিবার সন্ধ্যায় যশোর -মাগুরা সড়কের সদরের রাজাপুর জামতলা বাজার এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৬ কেজি উদ্ধার ও ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট মধ্যপাড়ার এক সময়কার যশোর শহরের সিটি কলেজপাড়া এলাকার মাদকসম্রাজ্ঞী মনজুরা ওরফে মনজুরা বুড়ী (৬০),কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদী সদরঘাট এলাকার আব্দুর রাজ্জাক (৫৩),একই এলাকার সোহেল রানা (২২) এবং যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকার আব্দুল গনি (৫৪)।
এদিকে একই রাতে যশোর শহরের বারান্দীপাড়া ঢাকা রোড এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একটি মাদ্রাসার উত্তর পাশ থেকে অটোরিকশা-ইজিবাইক গ্যারেজের চৌকির নিচে লুকিয়ে রাখা অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় বারান্দীপাড়া এলাকার মামুন হোসেন (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়,আলাদা দুটি অভিযানের ঘটনায় থানায় পৃথকভাবে দুটি মামলা হয়েছে।