যশোর অফিস
যশোরে প্রাচ্যসংঘের আয়োজনে ‘আবুল হুসেন রাষ্ট্রসভা’র নিয়মিত মাসিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে প্রাচ্যসংঘের হলরুমে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এবারের পাঠচক্রের আলোচ্য বিষয় ছিল‘ফিরে দেখা বাংলা’। এর প্রথম অধ্যায়ের বিষয় নির্ধারণ করা হয় ‘বাংলার ভূমি গঠন মানুষের বসতি ও বাংলা নামকরণ’।
পাঠচক্রে সিন্ধু সভ্যতার সময়কালে বৃহৎ বাংলা ও বাংলাদেশের অস্তিত্ব, বাংলার ভূ-প্রকৃতি, মানুষের বসতি গড়ে ওঠার ইতিহাস এবং ‘বাংলা’ নামকরণের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক ও গবেষক বেনজিন খান।
আয়োজকরা জানান, প্রতি মাসের তৃতীয় শুক্রবার নিয়মিত ‘আবুল হুসেন রাষ্ট্রসভা’র পাঠচক্র অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি মাসের প্রথম শুক্রবার একই সময়ে আয়োজন করা হয় ‘সাহিত্যসভা’। পাঠচক্রটি সবার জন্য উন্মুক্ত থাকে। এতে পাঠক, গবেষক, শিক্ষার্থী ও সাহিত্য-সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে লেখক, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন তাপস কুমার বিশ্বাস, নিত্যানন্দ পাল, সোমনাথ ইসলাম, কৌশিকুর রহমান, মো. মতিউর রহমান, ডা. এ.কে.এম. আব্দুর রহমান, সাংবাদিক তৌহিদ মনি, সাংবাদিক নূর ইসলাম, সাংবাদিক এস.এম. সোহেল, সাংবাদিক সাইফুল ইসলাম সজল, হেমায়েত রহমান ও ডা. মনিরুজ্জামানসহ অনেকে।