যশোরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় ইউপি সদস্য টিপু গ্রেপ্তার

Share

যশোর অফিস
 যশোরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় এজাহারনামীয় আসামি ও ইউপি সদস্য মো. টিপু সুলতান বিশ্বাসকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে কোতোয়ালি মডেল থানার পুলিশ হাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিপু সুলতান যশোর সদর উপজেলার তালবাড়িয়া বিশ্বাসপাড়া এলাকার মৃত এজাহার বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়,বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা চলমান রয়েছে।
পুলিশের দাবি, টিপু সুলতান অতীতে সর্বহারা দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি তালবাড়িয়া,শালিয়াট ও মালিয়াট এলাকার ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে জানিয়েছে যশোর কোতয়ালী থানার পুলিশ।

Read more