যশোর অফিস
যশোরে বিজিবি ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও চোরাচালানি মালামালসহ চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) যশোর সীমান্তে ৪৯ বিজিবির বিশেষ টহলদল, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (২৮) ও আব্দুল আজিজ (৪৫) নামে দুজনকে আটক করে। এ সময় ১৫ পিস ইয়াবা, ৪ কেজি গাঁজা, ৭৯টি শাড়ি, দুটি কম্বল, ৩.৫ কেজি জিরা, ১০ কেজি ফুসকা, ২৫৮টি কসমেটিকস সামগ্রী, একটি মোবাইল ফোন ও ৬৪০ টাকা জব্দ করা হয়। জব্দ মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ১০ হাজার ৫৪০ টাকা।
অন্যদিকে, রোববার (১৬ আগস্ট) রাতে কোতোয়ালি মডেল থানার ষষ্ঠীতলা মুজিব সড়ক রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ আরও দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসাদুজ্জামান ওরফে রনি (৩৮) ও রুবেল হোসেন ওরফে রিবন মাহামুদ রুবেল (৪০)। তাদের কাছ থেকে যথাক্রমে ৪০ ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট ও কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে ডিবির হাতে গ্রেপ্তার দুই আসামিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।