যশোর অফিস:
যশোর শিক্ষা বোর্ডের সচিবের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি এম এম কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত সচিবের অপসারণ, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
লাঞ্ছিত হওয়ার অভিযোগকারী জাহিদ হাসান সেজান কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক। তার অভিযোগ, সার্টিফিকেটে বাবা-মায়ের নাম সংশোধনের জন্য শিক্ষা বোর্ড সচিবের কক্ষে গেলে হেডফোন পরার বিষয় নিয়ে তাকে গালাগাল ও কয়েকবার থাপ্পড় মারা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুল মতিন বলেন, তিনি শিক্ষার্থীকে মারধর করেননি; শিক্ষক হিসেবে শুধু পিঠ চাপড়ে নৈতিকতার বিষয়ে পরামর্শ দিয়েছেন।
বিক্ষোভে জেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি দ্রুত সচিবের অপসারণ দাবি করে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।