যশোর প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে যশোরের ২ হাজার ৭৯১ জন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক – কর্মচারী তাদের
কল্যাণ ও অবসর তহবিলের টাকা পেয়েছেন। শনিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এক যোগে আইবিএসের মাধ্যমে দেশের অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের অর্থ প্রদান করা হয়। যশোরে কল্যাণ এবং অবসর দুটি তহবিল থেকে ২ হাজার ৭ ৯১ জন বেসরকারি শিক্ষক কর্মচারীকে ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। এরমধ্যে কল্যাণ তহবিল থেকে ১ হাজার ৮২৫ জনকে ৪৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা এবং অবসর তহবিল থেকে ৯৬৬ জন কে ৪৩ কোটি ৮৯ লাখ টাকা প্রদান করা হয়।
যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভার্চ্যুয়ালে অনুষ্ঠানে যুক্ত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, জাতি গঠনে ভূমিকা রাখা শিক্ষক কর্মচারীরা দীর্ঘ দিন বঞ্চনা এবং বৈষম্যের স্বীকার হয়েছেন। তাদের বঞ্চনা ও বৈষম্য ঘোচাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ উদ্যোগ গ্রহণ করে।
তিনি আরও বলেন, শিক্ষকদের জীবনে স্বচ্ছলতা না থাকলে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। স্বচ্ছলতা না থাকায় শিক্ষাগতার পাশাপাশি তাদেরকে ভিন্ন আয়ের পথ বেছে নিতে হয়। এটি অনুধাবন করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষক কর্মচারীদের স্বচ্ছল জীবন নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।