নিজস্ব প্রতিবেদক:
যশোরে অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুই কথিত জুয়ার এজেন্টকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোরের এসআই (নিঃ) মো. জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি চৌকস দল কোতোয়ালী মডেল থানার আরবপুর ইউনিয়নের ধর্মতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকায় একটি চক্র বাংলাদেশ সরকার কর্তৃক অবৈধ ঘোষিত বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার সাইট—যেমন Coin30, MAN99, Bet365, BB44, BDWorld, BDBet, MCW Casino, Gold1x ও 1xBet-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন ও ই-ট্রানজেকশনের মাধ্যমে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে।
অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন শার্শা উপজেলার গোকর্ণ গ্রামের মো. ইমদাদুল হক জিসান (২৪) এবং ট্যাংরালী গ্রামের মো. তৌহিদুজ্জামান রাসেল (২৪)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের। জব্দ করা মোবাইল ফোনগুলোতেও অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে তিনটি মোবাইল ফোন এবং একটি সুজুকি মোটরসাইকেল। পুলিশ জানিয়েছে, এ চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক
Share
Read more