যশোরে এডিডি ইন্টারন্যাশনালের মানসিক স্বাস্থ্য প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

Share

যশোর প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও কমিউনিটি-ভিত্তিক মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে দীর্ঘ ৫ বছর কাজ করার পর যশোরে এডিডি ইন্টারন্যাশনালের প্রকল্পের সমাপনী স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ সেনেটে এই সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
সভায় এডিডি ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক আবদুল্লাহ আল হারুন প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
সঞ্চালনা করেন এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু।
সভায় সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. মৌসুমী বিনতে মানিক জানান, ২০২০ সাল থেকে শুরু করে গত ছয় বছরে যশোরে ১৪ হাজার ৫১৬ জন আত্মহত্যার পথ বেছে নেওয়ার চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে এর মধ্যে ৩৪৪ জনের জীবন বাঁচানো সম্ভব হয়নি। তিনি বলেন,

“আত্মহত্যার এই প্রবণতা দিন দিন বাড়ছে, যা আমাদের সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। মানসিক সুস্থতা নিশ্চিত করতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও আন্তরিকতা বাড়ানো জরুরি।”

যুক্তরাজ্য-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এডিডি ইন্টারন্যাশনাল ২০২০ সালের জুলাই থেকে যশোরে কমিউনিটি-ভিত্তিক মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্প বাস্তবায়ন করে আসছিল। প্রকল্প ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

সভায় প্রকল্পের ৫ বছরের অর্জন, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বক্তারা বলেন, প্রকল্পের মাধ্যমে যশোরে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এবং স্কুল মেন্টাল হেলথ প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়েছে। সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা সভায় অংশ নেন।

বক্তারা প্রকল্পের সফলতা তুলে ধরে ভবিষ্যতে সরকারি-বেসরকারি উদ্যোগে মানসিক স্বাস্থ্য সেবা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Read more