বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রীর প/দ/ত্যা/গ দাবিতে যশোরে শিক্ষার্থীদের বি/ক্ষো/ভ

Share

নিজস্ব প্রতিবেদক, যশোর:
বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সিটি কলেজ, এমএম কলেজ, আলহেরা ডিগ্রি কলেজ, আব্দুর রাজ্জাক কলেজ, শিক্ষা বোর্ড কলেজ ও বিভিন্ন উপজেলার কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে সিটি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবু আনাসের নেতৃত্বে সাবিরুল ইসলাম সিয়াম, সজীব হোসেন, রামিয়া, আইরিন তালুকদার তামান্না, নাঈম হোসেন, লিজু, ওমর ফারুক, জুলকার ইমন আল শিহাব, মো. ফাহিম হোসেন, ইমতিয়াজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা “Our Future, Our Right”, “We Will Stand and Fight”, “বন্যার পানিতে নয়, ন্যায্য পরিবেশে পরীক্ষা চাই”, “শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই”, “Step Down Helicopter Milon” এবং “Fix Bangladesh Education System” লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ধোপরাকুল ডিগ্রি কলেজের শিক্ষার্থী দিশারানী মহন্ত বন্যার প্রতিকূল পরিবেশে পরীক্ষা দিতে গিয়ে মানসিক চাপে আত্মহত্যা করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তারা বলেন, বন্যাকবলিত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া অমানবিক।
তারা অবিলম্বে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারেরও আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

Read more