যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

Share

যশোর প্রতিনিধি:

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের আঘাতে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন বাঘারপাড়া উপজেলার খাজুরা তেল পাম্প সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে। তিনি বাঘারপাড়া থানার বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক (জয়েন্ট সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খাজুরা তেল পাম্পের পাশে গাড়ি মাপার স্কেলের সামনে অবস্থানকালে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি (২৬) ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম বলেন পুলিশ ঘটনাটি তদন্ত করছে,তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার কারণে এঘটনা ঘটতে পারে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, নিহতকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসেন জিয়া নামে এক ব্যক্তি।

Read more