যশোর অফিস
যশোর শহরের উপশহর এলাকার কিসমত নওয়াপাড়া বস্তিতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারিসহ পাঁচজনকে আটক করেছে উপশহর পুলিশ ক্যাম্প। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার রাত থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অলোক কুমার দে। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম পৃথক মামলায় সাজা ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বাদশা আলম (২০০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা), শান্ত ইসলাম (২০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা), সামিউল ইসলাম (১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা), বাবুল হোসেন (১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা) এবং মল্লিকা রহমান (৩ দিনের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা)। অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,আটকরা দীর্ঘদিন ধরে কিসমত নওয়াপাড়া এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।