যশোর অফিস
যশোরের বাঘারপাড়ায় চোরাই একটি ড্রাম ট্রাক কেটে বিক্রির মামলায় বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার খাজুরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক আলমগীর হোসেন বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলিধান্যপুর গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে।
ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন খান জানান, গত ৭ জুন তেলিধান্যপুর গ্রামের সিরাজুল ইসলামের ফার্মহাউসে খাজুরা পুলিশ ক্যাম্প ও ডিবি পুলিশের যৌথ অভিযানে একটি চোরাই ড্রাম ট্রাক কেটে টুকরো করার সময় জামাল, সেতু ও এনামুলকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।
তদন্তে জানা যায়, চোরাই ট্রাকটি কেটে বিভিন্ন অংশ বিক্রির উদ্দেশ্যে ফার্মহাউসে নেওয়া হয়েছিল। এ ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় শহরের বকচর হুশতলা মাঠপাড়ার বাসিন্দা হাসান শিকদারের ছেলে হামজাকেও আটক করা হয়।
ডিবি জানায়, মামলার কয়েকজন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আলমগীর হোসেনের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। এর ভিত্তিতে মঙ্গলবার রাতে খাজুরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বুধবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।