যশোর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর ভাড়া বাসায় চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চুরির ঘটনায় নগদ ৬০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নওয়াপাড়া পৌর এলাকার বাসিন্দা শিরিনা বেগমের স্বামী হাবিবুর রহমান মালয়েশিয়া প্রবাসী। তিনি ছেলে-মেয়েকে নিয়ে নওয়াপাড়া মডেল কলেজের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করেন।
অভিযোগে বলা হয়, গত ৬ জুলাই দুপুরে মেয়েকে কলেজে রেখে বাসায় ফিরে এসে তিনি দেখেন বাসার প্রধান দরজার তালা খোলা। পরে শয়নকক্ষের আলমারির লকার ভাঙা অবস্থায় পাওয়া যায়। লকারে রাখা নগদ ৬০ হাজার টাকা, একটি স্বর্ণের নেকলেস, দুটি স্বর্ণের চুড়ি, চার জোড়া স্বর্ণের কানের দুল ও তিনটি স্বর্ণের আংটিসহ মোট প্রায় ১৪ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় আশপাশের লোকজন ও স্বজনদের সঙ্গে আলোচনা করেও চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ভুক্তভোগী শিরিনা বেগম অভয়নগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভয়নগরে প্রবাসীর বাসায় চুরি, নগদ টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালঙ্কার খোয়া; থানায় মামলা
Share
Read more