যশোর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সেলিনা খাতুন (৩০) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নিহত সেলিনা খাতুন খুলনা জেলার ফুলতলা উপজেলার গাজীখোলা উত্তরপাড়ার বাসিন্দা। গত ৭ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ৫৫ মিনিটের দিকে তিনি পিতার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাজঘাট-নওয়াপাড়া মহাসড়ক দিয়ে চলাচল করছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাইওয়ে থানার পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহতের বড় ভাই মো. মনিরুল ইসলাম অভয়নগর থানায় দায়ের করা অভিযোগে দাবি করেন, বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। তিনি দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়ির চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভয়নগরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু, থানায় মামলা
Share
Read more