যশোর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার ভুগিলহাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, মারধর, হত্যাচেষ্টার অভিযোগ এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
অভয়নগর থানা সূত্রে জানা যায়, গত ৬ জুলাই ২০২৬ তারিখে থানায় মামলা নং-৯ (জি আর নং-১৪৩) রুজু করা হয়। মামলায় বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ১৪৪, ১৪৭, ৩০৭, ৩২৩, ৩২৫, ৩৪২, ৩৭৯, ৫০৬(২) ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে অভয়নগর উপজেলার ভুগিলহাটি গ্রামের একটি কাঁচা রাস্তায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুগিলহাটি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল কালাম (৫০) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন অভয়নগর থানা এলাকার ভুগিলহাটি গ্রামের সলিম মৃধার ছেলে ইমরান (২৫), ইব্রাহিম মোল্যার ছেলে সুমন (২৪),ইলিয়াস শেখ ইলুর ছেলে ইমন (২৩),পাইকপাড়া গ্রামের মনোয়ারের ছেলে সবুজ (২০),হোসেন গাজীর ছেলে আজিম (২০)।
অভিযোগে বলা হয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বাদীর ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করেন। এ সময় তাকে অবরুদ্ধ করে হত্যার উদ্দেশ্যে মারপিট, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের আঘাত করা হয়। এছাড়া হামলার সময় প্রায় ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।