যশোর প্রতিনিধি: যশোরে গাছ কাটার সময় গাছ থেকে পড়ে কালাম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে যশোর শহরের সাতিয়ানতলা ঘোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালাম যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত আব্দুল বারেক খার ছেলে। তিনি পেশায় একজন গাছ কাটা শ্রমিক ছিলেন।
জানা গেছে, কালাম গাছ কাটার কাজ করতে গাছে উঠেছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।