নিজস্ব প্রতিবেদক:
ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ২৮ বছর বয়সী এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী জানান, শনিবার রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তার বন্ধু আবুল কালাম আজাদ (৫০) ও আরও ৩-৪ জন তাকে একটি প্রাইভেটকারে করে যশোরে নিয়ে আসেন। গভীর রাতে যশোরের একটি অজ্ঞাত স্থানে একটি কক্ষে নিয়ে তাকে জোরপূর্বক গণধর্ষণ করা হয়। পরে তার মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে তাকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।
রোববার বিকেলে ভুক্তভোগী যশোর কোতোয়ালি থানায় এসে লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যশোর কোতোয়ালি থানার পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।