যশোর অফিস
যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ঘোষপাড়া কালী মন্দিরের জমি নিয়ে বিরোধের জেরে মন্দিরের উন্নয়নকাজ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছে মন্দির কমিটি।
কমিটির দাবি, ৪২২ নম্বর খতিয়ানের ৪৫০৮ দাগের ১৫ শতাংশ জমি ওয়ারিশ বঞ্চনা ও ভুয়া দলিলের মাধ্যমে নিজের নামে রেজিস্ট্রি করেন অশোক কুমার ঘোষ। পরে ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণকাজ শুরু হলে তিনি আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন, যার ফলে উন্নয়নকাজ স্থগিত হয়ে যায়।
মন্দির কমিটির ভাষ্য, প্রশাসনের উপস্থিতিতে গত ১৩ জুন জমি পরিমাপ ও সীমানা নির্ধারণ করা হলেও তা না মেনে অশোক কুমার ঘোষ মামলা দায়ের করেন। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত মালিকানা নির্ধারণ এবং মন্দিরের উন্নয়নকাজের জটিলতা দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন।