যশোর প্রতিনিধি:
যশোর শহরতলীর চাঁচড়া গেট সংলগ্ন একটি জিআই ফিটিংস কারখানায় দীর্ঘদিন ধরে চুরি ও মালামাল আত্মসাতের অভিযোগে কোতোয়ালী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন কারখানার মালিক মো. মাহফুজ পারভেজ (৩৩)।
এজাহারে তিনি অভিযোগ করেন, কারখানার কর্মচারী মো. মিলন (৩৬)সহ কয়েকজনের বিরুদ্ধে প্রায় এক মাস ধরে কারখানা থেকে বিভিন্ন যন্ত্রপাতি, জিআই ফিটিংস, বৈদ্যুতিক তারসহ মূল্যবান মালামাল চুরির অভিযোগ রয়েছে। এতে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৪ জুলাই রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে অভিযুক্তরা কারখানা থেকে ৬০ পিস জিআই ফিটিংসের পার্টস, ৫ গজ মোটা কারেন্টের তামার তারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মী টের পেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় একজনকে আটক করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে কিছু চোরাই মালামাল ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন ভুক্তভোগী। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
যশোরে জিআই ফিটিংস কারখানায় চুরির অভিযোগ মিলন আটক
Share
Read more