যশোর অফিস
যশোর শহরে অবৈধ পার্কিং, ফুটপাত দখল ও যানজট সৃষ্টির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০টি মামলা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে শহরের মাইকপট্টি ও চিত্রামোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহফুজুর রহমান। অভিযানে ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। এছাড়া সড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং দোকানদারদের ফুটপাত দখল না করার বিষয়ে সতর্ক করা হয়।
ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, যশোর শহরকে যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত সোমবার দড়াটানা, হাসপাতাল মোড় ও এমকে রোড এলাকায় পরিচালিত অভিযানে মোটরসাইকেল জব্দ ও মামলা করা হয়।