যশোরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Share

যশোর প্রতিনিধি: যশোরের কোতোয়ালি মডেল থানাধীন বকচরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুন রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে বকচরিয়া (বিনিয়াপাড়া) গ্রামের একটি পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় মো. আজেত ওরফে ওয়াজেদ আলী (৬৭), পিতা- মৃত আবেদ আলী, সাং- বকচরিয়া (বিনিয়াপাড়া), থানা- কোতোয়ালি, জেলা- যশোরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পলিথিনে রাখা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত আজেত ওরফে ওয়াজেদ আলী দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় পূর্বেও মাদক ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৭, ২০১৮ ও ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া তিনটি মামলা এবং ২০২১ সালে দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬ ধারায় একটি মামলা রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(ক) অনুযায়ী কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Read more