যশোর প্রতিনিধি:
শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, যশোর জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রমিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলা চালানো হয়েছে। তারা বলেন, শ্রমিক নেতাদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় শ্রমিক আন্দোলন বাধাগ্রস্ত হবে।
বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। মানববন্ধন শেষে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।