যশোরের শার্শায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য উৎপাদনের অভিযোগ

Share

যশোর প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে একটি বেকারিতে বিস্কুট, রুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে। এতে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।
সোমবার (২৯ জুন) সরেজমিনে দেখা যায়, বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর এলাকায় ‘রিয়াদ ফুড’ নামে একটি বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, নিম্নমানের কাঁচামাল, রাসায়নিক ও রং ব্যবহার করে এসব খাদ্যপণ্য বাজারজাত করা হচ্ছে।
এছাড়া উৎপাদন কক্ষে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। শ্রমিকদের সুরক্ষা পোশাক ছাড়াই কাজ করতে দেখা যায়। উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে বেকারির মালিক বলেন, তিনি ছোট ব্যবসায়ী হওয়ায় সব নিয়ম মেনে চলতে পারেননি।
শার্শা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read more