যশোর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক লাইনম্যানকে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন, নগদ টাকা ও অফিসের স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় ৩৩/১১ কেভি অভয়নগর-২ বিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্র জানায়, লোডশেডিং চলাকালে ৪০ থেকে ৫০ জন বিক্ষুব্ধ ব্যক্তি উপকেন্দ্রে প্রবেশ করে কর্মরত লাইনম্যান রবিউল ইসলামকে মারধর করেন। পরে তার ব্যক্তিগত মোবাইল ফোন, নগদ টাকা এবং অফিসের স্মার্টফোন নিয়ে যান।
আহত লাইনম্যানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভয়নগর থানার ওসি জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।