যশোর প্রতিনিধি
যশোর সদর হাসপাতালের গেটের সামনে এক স্বেচ্ছাসেবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় মনির নামে এক দালাল আটক।
আহত অনুপম (৩৪) মনিরামপুর উপজেলার সুনরা গ্রামের মনোরঞ্জনের ছেলে। তিনি যশোর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হাসপাতালের রোস্টারভুক্ত কর্মচারীদের সঙ্গে কথিত দালাল মনির (৩৫), নতুনহাট এলাকার বাসিন্দা মনির, রোগীকে হাসপাতালের বাইরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে হাসপাতাল পুলিশ মনিরকে হাসপাতাল থেকে বের করে দেয়।
এর কিছুক্ষণ পর অনুপম হাসপাতালের গেটের সামনে চা পান করতে গেলে মনির তাকে একা পেয়ে গাছের শক্ত ডাল দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে অনুপমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা দালাল মনিরকে আটক করে থানায় পাঠিয়ে দেয়।
পরে আহত অনুপমকে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক এস আই জুয়েল মনিরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন তাকে আদালতে পাঠানো হয়েছে।
যশোর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবককে মারপিটের ঘটনায় দালাল মনির আটক
Share
Read more