মেসি-হালান্ডের সঙ্গে রোনালদোর তুলনা ‘শিশুসুলভ’: পর্তুগাল কোচ

Share

২০২৬ ফিফা বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর লিওনেল মেসি ও আর্লিং হালান্ডের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনা নিয়ে মুখ খুলেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। পর্তুগিজ অধিনায়কের সঙ্গে অন্য তারকাদের এমন তুলনাকে তিনি সরাসরি ‘শিশুসুলভ’ বলে অভিহিত করেছেন।

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল পর্তুগাল। দলের রাউন্ড শেষ ৩২ নিশ্চিত থাকায় আর্জেন্টিনা ও নরওয়ে তাদের প্রধান দুই তারকা মেসি ও হালান্ডকে বিশ্রাম দিলেও, পর্তুগাল কোচ ৪১ বছর বয়সী রোনালদোকে পুরো ৯০ মিনিটই মাঠে রাখেন।

টুর্নামেন্টে টানা তৃতীয়বারের মতো একাদশে সুযোগ পেয়েও উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করা রোনালদো এদিন খুব একটা সুবিধা করতে পারেননি। মিয়ামির ম্যাচে বল দখলের লড়াই ও আক্রমণে পর্তুগালের চেয়ে কলম্বিয়াই বেশি দাপট দেখিয়েছে।
রোনালদোকে বিশ্রাম না দেওয়ার কারণ জানতে চাইলে মার্টিনেজ বলেন, ‘অন্য দলের খেলোয়াড়দের সঙ্গে আমাদের কোনো তুলনার সুযোগ নেই। সেটি হবে নিতান্তই ছেলেমানুষি।


তিনি আরও বলেন, ‘রোনালদো সবসময়ই জানে মাঠের কোথায় থাকতে হয়। পজিশন ধরে রাখা এবং দলের আক্রমণভাগে জায়গা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে সে সবসময়ই সুশৃঙ্খল। ৯০ মিনিট খেলা তার জন্য কোনো সমস্যা নয়। যদিও পরবর্তী ম্যাচে হয়তো আমাদের কিছু পরিবর্তন আনতে হতে পারে, তবে তা যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই প্রযোজ্য।’

তিনি বলেন, খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্স ডেটা বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা প্রতিটি ম্যাচের তথ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। জোয়াও নেভেস, রুবেন নেভেস কিংবা দালোত-ক্যানসেলোর মতো খেলোয়াড়দের ক্ষেত্রে আমরা রোটেশন পলিসি মেনে চলছি, কারণ প্রতিটি পজিশনের চাহিদা ভিন্ন।

কলম্বিয়ার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করায় পর্তুগাল গ্রুপ ‘কে’-তে দ্বিতীয় স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। এখন টরন্টোতে রাউন্ড শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ক্রোয়েশিয়া। সেই বাধা পেরোতে পারলে শেষ ১৬-তে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

গ্রুপ সেরা না হওয়ার বিষয়টি নিয়ে চিন্তিত নন মার্টিনেজ। বরং তিনি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। পর্তুগাল কোচের ভাষ্য, ‘এখন সময় মানিয়ে নেওয়ার এবং নিজেদের খেলার নিয়ন্ত্রণ বাড়ানোর। আমাদের লক্ষ্য বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। টুর্নামেন্টটি এখন নতুন মোড় নিয়েছে এবং আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী ও প্রস্তুত।’

মার্টিনেজ আরও বলেন, ‘আমরা এরই মধ্যে ২১ জন খেলোয়াড়কে মাঠে নামানোর সুযোগ পেয়েছি, যা দলের গভীরতা বাড়িয়ে দিয়েছে। এখন গত তিন ম্যাচের পারফরম্যান্স পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনগুলো আনার পালা।’

Read more