যশোর অফিস
যশোরের শার্শায় সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে দৈনিক যশোর বার্তা’র শার্শা উপজেলা প্রতিনিধি আতিকুজ্জামান রিমুর ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, চটকাপোতা গ্রামের কথিত মাদক কারবারি আরিকুল ইসলাম রিমুর ওপর কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় শুক্রবার শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক আতিকুজ্জামান রিমু। তিনি দাবি করেন, অভিযুক্ত আরিকুল ইসলামের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে এবং তাকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে এ হামলা চালানো হয়েছে।
শার্শা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।