যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে “রাইটিং অ্যান্ড পাবলিশিং হাই ইমপ্যাক্ট রিসার্চ পেপার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের বিভিন্ন কৌশল ও দক্ষতা সম্পর্কে শিক্ষকদের ধারণা প্রদান এবং গবেষণার মানোন্নয়নে সহায়তা করা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান। তিনি বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল গবেষণা সরঞ্জামের ব্যবহার গবেষণা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি গবেষণার সততা ও একাডেমিক নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নবীন গবেষকদের এআই ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট জার্নালের নীতিমালা ও ঘোষণাপত্র যথাযথভাবে অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, গবেষণার মান ও নৈতিকতা বজায় রাখা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষকের দায়িত্ব এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক (চলতি দায়িত্ব) ড. কে. এম. আনিস-উল-হক।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।