যশোর প্রতিনিধি
নড়াইল জেলার একটি ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক সুজাত আলীকে গ্রেফতার করেছে র্যাব-৬। রোববার (২৯ মার্চ ২০২৬) বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৬ সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি বিভিন্ন অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাত আলী নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল-যশোর মহাসড়কের পাশে অবস্থিত তানভীর ফিলিং স্টেশনে শনিবার দিবাগত রাতে ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত। তবে পাম্পে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় ম্যানেজার নাহিদ সরদার তাকে তেল দিতে অপারগতা জানান। এতে ক্ষুব্ধ হয়ে সুজাত প্রকাশ্যে নাহিদকে হত্যার হুমকি দেন।
এর কিছু সময় পর রাত প্রায় ২টার দিকে কাজ শেষে নাহিদ সরদার তার সহকর্মী জিহাদকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ফিলিং স্টেশন থেকে অল্প দূরত্বে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার নিহত হন।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।