প্রেস বিজ্ঞপ্তি:যশোরে সাংবাদিকদের দীর্ঘদিনের আন্দোলনের পর প্রেসক্লাব যশোরে সদস্যপদ দেওয়ার প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। দ্বিতীয় দফার সভায় আরও ১০ সাংবাদিককে সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রথম দফায় সদস্যপদের জন্য সুপারিশ করা ২৮ জনের তালিকা থেকে দুজনকে বাদ দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে প্রেসক্লাব যশোরে সংকটকালীন আহ্বায়ক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন করে সদস্যপদের জন্য সুপারিশ পাওয়া ১০ সাংবাদিক হলেন—এসএ টিভির জেলা প্রতিনিধি রোকনুজ্জামান রিপন, চ্যানেল ২৪-এর ক্যামেরাপারসন ইমরান হোসেন, শেয়ার বিজ ও জাতীয় অর্থনীতির জেলা প্রতিনিধি কামরুজ্জামান মণি, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জুবায়ের আহমেদ, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি রাহুল রায়, দৈনিক সুবর্ণভূমির সম্পাদনা সহকারী শেখ শাহিনুর রহমান, ইন্ডিপেনডেন্ট টিভির ক্যামেরাপারসন শরীফ খান, দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা মুন্না, দৈনিক পাঞ্জেরীর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন এবং দৈনিক ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি আব্দার রহমান।
অন্যদিকে আপত্তির কারণে গত ২৬ আগস্টের সভায় সদস্যপদের জন্য সুপারিশ পাওয়া দুজনের নাম বাতিল করা হয়েছে। তারা হলেন দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার সম্পাদক সুন্দর সাহা এবং দৈনিক কল্যাণ পত্রিকার সহ-সম্পাদক রেজওয়ান হক বাপ্পী।
এর আগে প্রথম দফায় ২৮ সাংবাদিককে সদস্যপদ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল। দ্বিতীয় দফায় আরও ১০ জন যুক্ত হওয়ায় এবং দুজনের সুপারিশ বাতিল হওয়ায় নতুন সদস্য অন্তর্ভুক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে।
এ ছাড়া সাবেক সদস্য সুলতান মাহমুদ রিপনের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সদস্যপদ পুনর্বহালের সিদ্ধান্ত হয়েছে। ফলে আসন্ন প্রেসক্লাব নির্বাচনে মোট ৩৭ জন নতুন ও পুনর্বহাল সদস্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
সভায় মতভিন্নতাও
সদস্যপদ দেওয়ার বিষয়টি নিয়ে শনিবারের সভায় দীর্ঘ আলোচনা হয়। আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন।
সভায় আহ্বায়ক কমিটির সদস্য ফকির শওকত, বিনয় কৃষ্ণ মল্লিক, আনোয়ারুল কবির নান্টু, আহসান কবির, ওহাবুজ্জামান ঝন্টু, আমিনুর রহমান মামুন, জাহিদ আহমেদ লিটন, নূর ইসলাম, এম আইউব, সরোয়ার হোসেন ও আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।
সদস্যপদ সংক্রান্ত আলোচনার একপর্যায়ে ওহাবুজ্জামান ঝন্টু ও জাহিদ আহমেদ লিটন কোনো মতামত না দিয়েই সভা থেকে বেরিয়ে যান।
সাংবাদিকদের আন্দোলনের প্রেক্ষাপটে প্রেসক্লাব যশোরে নতুন সদস্য অন্তর্ভুক্তির এই প্রক্রিয়া আসন্ন নির্বাচনকে ঘিরে সংগঠনটির অভ্যন্তরীণ সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।