অর্থ আওয়ার-২০২৬ উপলক্ষে যশোরে রোভারের সচেতনতামূলক র‍্যালি

Share

যশোর অফিস 
বাংলাদেশ স্কাউটস যশোর জেলা রোভারের উদ্যোগে ‘অর্থ আওয়ার-২০২৬’ উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে র‍্যালিটি যশোর ডিইও (জেলা শিক্ষা অফিস) প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ ও যশোর জেলা রোভারের সহ-সভাপতি অধ্যক্ষ এম ইকবাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা রোভারের সম্পাদক মো. আবু সাঈদ, কোষাধ্যক্ষ মো. হিয়ালে ইসলাম,মো. ইমরান হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার সদস্যরা।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ‘অর্থ আওয়ার’একটি বৈশ্বিক সচেতনতা কর্মসূচি। এর অংশ হিসেবে ২৮ মার্চ রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত এক ঘণ্টা অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার জন্য সকলকে আহ্বান জানানো হয়।
এছাড়া পরিবেশ রক্ষায় গাছ লাগানো, বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শক্তি সাশ্রয়ে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ‘অর্থ আওয়ার’ সফল করতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

Read more