হঠাৎ পেট্রোলিয়াম ডিপো পরিদর্শনে জ্বালানি প্রতিমন্ত্রী

Share

জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত ও শৃঙ্খলা ফেরাতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করেছে সরকার। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম ডিপো আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের আদমজী এসও এলাকায় অবস্থিত এই ডিপোটিতে পৌঁছান তিনি। এ সময় প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জ্বালানি তেল সরবরাহে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রতিমন্ত্রী। বিশেষ করে জ্বালানি সরবরাহ প্রক্রিয়ায় সাধারণ মানুষ বা ডিলাররা কোনো ধরনের হয়রানি কিংবা কৃত্রিম প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন কি না, সে বিষয়ে তিনি খুঁটিনাটি জানতে চান। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বর্তমান কার্যক্রম এবং সরবরাহ পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জ্বালানি খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত সবাইকে চোরাই পথে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন তিনি।

 

Read more