যশোর অফিস
যশোর শহরের ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারের উদ্যোগে সংহতি জানিয়েছে জেলা বিএনপি। রোববার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন দলীয় নেতা-কর্মীদের নিয়ে ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় দেলোয়ার হোসেন খোকন বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় তাঁরা এ কার্যক্রম পরিদর্শনে এসেছেন। প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এ কাজে সব ধরনের সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, ভৈরব নদকে দূষণ ও দখলমুক্ত করা এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের একটি মাস্টারপ্ল্যান রয়েছে। পাশাপাশি শহরের যানজট নিরসনে গরিব শাহর মাজারসংলগ্ন স্থানে নতুন সেতু নির্মাণ, কাঠেরপুলের সেতু প্রশস্তকরণ এবং বিদ্যমান সেতু পুনর্নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এসব পরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করেছেন।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।