যশোর প্রতিনিধি
যশোরে ২০১১ সালে মারপিটের ঘটনায় নিহত আবু সিদ্দিকের (৩৮) লাশ দ্বিতীয়বারের মতো কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার মাধ্যমে উত্তোলন করা লাশটি আবু সিদ্দিকের কি না, তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বালেশ্বরপুর গ্রামে তাঁর পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন এবং সিআইডির ইন্সপেক্টর গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। পরে লাশটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়।
আবু সিদ্দিক বালেশ্বরপুর গ্রামের হায়দার বিশ্বাসের ছেলে। ২০১১ সালের ১৮ ফেব্রুয়ারি বাড়ির উঠানে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ১২ অক্টোবর মামলা দায়ের করা হয়। মামলার বাদী আবু সিদ্দিকের ভাই আনোয়ার হোসেন ইঁদু।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে ২০২৪ সালের ৪ ডিসেম্বর একবার লাশ উত্তোলন করা হয়েছিল। তবে তৎকালীন তদন্ত কর্মকর্তা তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন, কবর থেকে উত্তোলন করা লাশটি আবু সিদ্দিকের নয়। ওই কবরস্থানে একাধিক ব্যক্তিকে দাফন করা হয়েছে বলেও জানা যায়।
পরবর্তীতে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পুনরায় লাশ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী বুধবার দ্বিতীয়বারের মতো লাশ উত্তোলন করা হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশটির পরিচয় নিশ্চিত হওয়ার কথা রয়েছে। সিআইডি সুত্রে এসব তথ্য জানা গেছে।