যশোরে কিশোর স্বাধীন হ,ত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রে,প্তারের দাবিতে সংবাদ সম্মেলন মায়ের 

Share

যশোর প্রতিনিধি
যশোরে কিশোর স্বাধীন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানিয়েছেন নিহতের মা সুমাইয়া আক্তার। একই সঙ্গে হত্যাকাণ্ডের পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করে প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নিহত স্বাধীনের মা। এ সময় তিনি ছেলের হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুমাইয়া আক্তার বলেন, তার ১৬ বছর বয়সী ছেলে স্বাধীন গত ১৮ অক্টোবর তার ফুপার সঙ্গে পূজামণ্ডপ দেখতে বাড়ি থেকে বের হয়েছিল। সেখানে ডাব চুরির অপবাদ দিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার ছেলেকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ছেলের ওপর নির্যাতনের খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে যান। কিন্তু সেখানে উপস্থিত কয়েকজন নারী ও পুরুষ স্বাধীনকে তাদের কাছে নিয়ে যেতে বাধা দেন। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মা অভিযোগ করেন, তার ছেলেকে মারধরের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকলেও এখন পর্যন্ত তাদের সবাইকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়নি। বিশেষ করে হত্যাকাণ্ডে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় উদ্‌ঘাটন করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান সুমাইয়া আক্তার। তবে মামলার পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তিনি উদ্বেগের মধ্যে রয়েছেন।
সুমাইয়া আক্তার বলেন, “আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। যারা আমার ছেলেকে নির্মমভাবে মারধর করেছে, তাদের সবাইকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। মামলায় যাদের নাম রয়েছে, তাদের পাশাপাশি অজ্ঞাতনামা যারা এ ঘটনায় জড়িত, তাদেরও শনাক্ত করতে হবে। আমি চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার হোক।”
তিনি আরও বলেন, সন্তান হারানোর শোক নিয়ে প্রতিটি দিন কাটছে তার। ছেলের হত্যার বিচার না পাওয়া পর্যন্ত পরিবারের কষ্ট শেষ হবে না। একজন মা হিসেবে তিনি চান, তার সন্তানের হত্যাকারীরা আইনের আওতায় আসুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক।
সংবাদ সম্মেলনে নিহতের মা বলেন, “আমি কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করতে চাই না। যারা প্রকৃত অপরাধী, তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হোক। আমার ছেলের সঙ্গে যারা এমন নির্মম ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার চাই।”
সুমাইয়া আক্তার অভিযোগ করেন, ছেলের হত্যাকাণ্ডের পর থেকে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আসামিপক্ষের প্রভাব কিংবা সম্ভাব্য হুমকির আশঙ্কায় তারা উদ্বিগ্ন। এ অবস্থায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে নিহতের মা বলেন, তার ছেলের হত্যাকাণ্ডের বিষয়টি সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনের নজরে আনা হোক। যাতে দ্রুত বিচার নিশ্চিত হয় এবং ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন নির্মম পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রাবণী, মৌ, সুমি, পান্না ও জেসমিন।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সুমাইয়া আক্তার আবারও তার ছেলে স্বাধীন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, অজ্ঞাতনামা অপরাধীদের শনাক্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন এখনো আসামি আটক হয়নি। মামলাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

Read more