যশোরে বিধবার পৈত্রিক জমি দখল,থানায় লিখিত অভিযোগ

Share

যশোর অফিস 
 যশোরের বাঘারপাড়া উপজেলার চাপাতলা গ্রামে এক বিধবার স্বামীর পৈত্রিক সূত্রে পাওয়া ৪ শতক জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। জমি দখল, উচ্ছেদ ও ভয়ভীতির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন লিপিকা তরফদার।
এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযুক্তদের মধ্যে বন্দবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম ডাক্তারসহ সেলিম, জিল্লুর রহমান, অমিত, সিরাজুল ইসলাম ও বরুন তরফদারের নাম রয়েছে।
লিপিকার অভিযোগ, প্রায় চার বছর ধরে অমিত ওই জমি ভোগদখল করছেন। জমি বুঝিয়ে দেওয়ার কথা বললে তাকে গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। ২০২৫ সালের জানুয়ারিতে তাকে বসতভিটা থেকেও উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। গত ১৪ আগস্ট স্থানীয়দের উপস্থিতিতে জমি মাপজোক করে সীমানা নির্ধারণ ও পিলার স্থাপন করা হলেও জমি বুঝিয়ে দেওয়া হয়নি বলে দাবি তার।
তবে হাশেম ডাক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read more