যশোরে অবৈধ রিকশা-ইজিবাইকবিরোধী অভিযান, প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

Share

যশোর অফিস 
 যশোর শহরে যানজট নিরসন ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দ্বিতীয় দিনের মতো যৌথ অভিযান চালিয়েছে পৌরসভা, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্টরা। এদিকে অভিযানে রিকশা ও ইজিবাইক আটকের প্রতিবাদে মানববন্ধন করেছেন রিকশা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) শহরের দড়াটানা থানার মোড়, মনিহার, চিত্রামোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্সবিহীন ও অবৈধ ইজিবাইক ও রিকশা আটক করা হয়। অভিযানে যশোর পৌরসভা, রেড ক্রিসেন্ট, কোতোয়ালি থানা, সদর ফাঁড়ি ও ট্রাফিক পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানের প্রতিবাদে একই দিন দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেন রিকশা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও চালকরা। মানববন্ধনে আটক রিকশা ও ইজিবাইক বিনা শর্তে ফেরত দেওয়া, রিকশার বিরুদ্ধে অভিযান বন্ধ এবং চালকদের বৈধ লাইসেন্স দেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন রিকশা শ্রমিক ইউনিয়ন-৯৩৯-এর সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ। এতে বিপুলসংখ্যক রিকশাচালক অংশ নেন।
বক্তারা বলেন, রিকশাশ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রিকশা আটক থাকায় শ্রমিকদের আয় বন্ধ হয়ে পরিবারগুলো আর্থিক সংকটে পড়ছে। তাই আটক যানবাহন দ্রুত ফেরত দেওয়ার পাশাপাশি বৈধ লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করতে হবে।
তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে যশোর পৌরসভার প্রকৌশলী কামাল হোসেন বলেন, অবৈধ রিকশা ও ইজিবাইকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। গত দুই দিনে চালকদের সতর্ক করে বেশ কিছু অবৈধ রিকশা ও ইজিবাইক ছেড়ে দেওয়া হয়েছে। তবে উচ্ছৃঙ্খলতা ও অসদাচরণের অভিযোগে কয়েকটি যানবাহন আটক করা হয়েছে। যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মো. হুমায়ুন কবির, উপ-যুব প্রধান ইমামুল হাসানসহ যুব সদস্যরা অংশ নেন।

Read more