যশোরে পৃথক অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছয়জন আটক

Share

যশোর অফিস
 যশোর সদর ও মণিরামপুরে পৃথক অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে চারজনকে আটক করেন। আটকরা হলেন—পশ্চিম বারান্দীপাড়ার কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মুন্না ইসলাম সাগর ওরফে ‘চায়না সাগর’, পূর্ব বারান্দীপাড়ার ঢাকা রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে মর্তজা হোসেন শুভ, বারান্দীপাড়া বউবাজার এলাকার সেলিমের ছেলে আশিকুর রহমান এবং একই এলাকার মৃত গফফার শেখের মেয়ে রোজিনা।
সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানউল্লাহর নেতৃত্বে অভিযানে এসআই নুরুন্নবী, এএসআই শামীম, এএসআই বাতেন, এএসআই লাবলু ও এটিএসআই আতিউর রহমান অপুসহ ফোর্স অংশ নেয়। ফাঁড়ির ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে, মণিরামপুরে ইয়াবা সেবনের সময় স্থানীয় জনতার হাতে দুই যুবক আটক হয়েছেন। রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের সাতনল বাজারসংলগ্ন ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন শেখপাড়া খানপুর গ্রামের ইয়াছিন হোসেন (২৫) ও আলিমুল হোসেন। স্থানীয়রা তাদের ইয়াবা সেবন করতে দেখে আটক করে পুলিশে খবর দেন। পরে মণিরামপুর থানা পুলিশ তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Read more