যশোর প্রতিনিধি
যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬৬ টাকা মূল্যের ১৯২ দশমিক ৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ ময়ুর (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় দুটি স্বর্ণের বার, একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
আটক ময়ুর (৪২) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ধলু মিয়া।বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়ুর স্বীকার করেছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
আটক স্বর্ণের মূল্য ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬৬ টাকা। এছাড়া স্মার্ট মোবাইল ফোনের মূল্য ১০ হাজার টাকা এবং নগদ ১ হাজার ৬০০ টাকাসহ উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।
পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচারকারী ও পাচারের সঙ্গে জড়িতদের আটকের লক্ষ্যে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।