যশোর অফিস
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার মেহেরুল্লাহ নগর রেলস্টেশনের জরাজীর্ণ অবস্থা সংস্কার এবং গুরুত্ব
পূর্ণ আন্তঃনগর ও লোকাল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
সোমবার (২৪ আগস্ট) ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মেহেরুল্লাহ নগর রেলস্টেশনটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ফলে স্থানীয় যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং স্টেশনটির সম্ভাবনাময় ব্যবহারও ব্যাহত হচ্ছে।
তারা অবিলম্বে স্টেশনটির প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন, যাত্রীদের জন্য মৌলিক সুবিধা নিশ্চিত এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করার দাবি জানান।
বক্তারা বলেন, চুড়ামনকাটি ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ রেলপথে যাতায়াত করেন। এ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি চালু হলে এলাকার মানুষের সময় ও যাতায়াত খরচ কমার পাশাপাশি রেলসেবার প্রতি মানুষের আগ্রহ বাড়বে।
মানববন্ধন থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।