যশোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আজাদ ফের গ্রেপ্তার আদালতে সোপর্দ

Share

যশোর প্রতিনিধি
যশোরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মো. আজাদ রহমান খান (৪৫) নামে এক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে যশোর পৌরসভার ঘোপ জেল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজাদ রহমান খান চৌগাছা উপজেলা যুবলীগেরআহ্বায়ক কমিটির সদস্য। তিনি চৌগাছা উপজেলার মাড়ুয়া খানপাড়া এলাকার মৃত রফিকুল ইসলাম খানের ছেলে।
পুলিশের আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, যশোর কোতোয়ালি থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রাথমিক সত্যতার ভিত্তিতে আজাদ রহমান খানকে গ্রেপ্তার করা হয়। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় দায়ের করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে আজাদ রহমান খানসহ সংশ্লিষ্টরা এলাকায় চাঁদাবাজি, বোমাবাজিসহ বিভিন্ন সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির জন্যব্যানার-ফেস্টুন তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগও তদন্তে উঠে এসেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, মামলার তদন্তে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাদীর আনা অভিযোগের প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে জেলহাজতে আটক রাখার আবেদন জানিয়ে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
তবে এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। মামলাটির তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে অন্য একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। সেই মামলায় তিনি জামিনে মুক্তি পেয়েছিল।

Read more